প্রতীক যুদ্ধ শেষ: দিরাই–শাল্লায় নাছির–শিশিরের ভোট যুদ্ধ শুরু
সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শেষ হলো প্রতীক যুদ্ধ। এবার শুরু হলো ভোটের মাঠে মূল লড়াই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠতে শুরু করেছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এতে বিএনপি মনোনীত প্রার্থী নাছির চৌধুরী ধানের শীষ প্রতীক পান। তাঁর পক্ষে প্রতীক গ্রহণ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা রুদ্র মিজান। অপরদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক গ্রহণ করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা রেজাউল করিম।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন সব প্রার্থী ও তাঁদের সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানান।
প্রতীক পাওয়ার পর নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিয়েছেন দুই প্রার্থীই। নাছির চৌধুরীর চিফ এজেন্ট রুদ্র মিজান বলেন, দিরাই ও শাল্লার মানুষ পরিবর্তন চান। উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ভোটাররা ধানের শীষেই ভোট দেবেন বলে তাঁদের বিশ্বাস।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের চিফ এজেন্ট রেজাউল করিম বলেন, নির্বাচিত হলে দিরাই–শাল্লার সার্বিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হবে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রতীক বরাদ্দের পর থেকেই দিরাই–শাল্লায় নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। প্রচারণা জোরদার হলে নাছির চৌধুরী ও শিশির মনিরের মধ্যে ভোটের লড়াই আরও স্পষ্ট হয়ে উঠবে।
ডি আর ডি
মন্তব্য করুন: