ভোটাধিকার মানুষের সাংবিধানিক অধিকার : কামরুজ্জামান কামরুল
আসন্ন নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালঞ্জ ও তাহিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর বাজারে নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি।
কামরুজ্জামান কামরুল বলেন, ‘জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। ভোটাধিকার মানুষের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে।’ তাই ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করবে। এ জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ এ সময় বিএনপির দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: