ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
‘নৌকা নেই, শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে পালিয়েছেন’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন অন্য যেকোনো সময়ের চেয়ে ভিন্ন। কারণ এবারের নির্বাচনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক নেই এবং সেই নৌকার কাণ্ডারি শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়ে গেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদরের ২৯ মাইল এলাকার বিডি স্কুলমাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে পালিয়ে এখন দিল্লিতে বসে আছেন। তিনি আমাদের সবাইকে এক বড় বিপদে ফেলে গেছেন। তিনি দেশে থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত।”
তিনি আরও বলেন, “এবার নতুন একটি মার্কা এসেছে। যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল, তারাই এখন সরকার গঠন করার স্বপ্ন দেখছে। আপনাদের সতর্ক থাকতে হবে।”
সংখ্যালঘু প্রসঙ্গে হিন্দু ভোটারদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, “এদেশে কোনো সংখ্যালঘু নেই; যারা এখানে আছেন তারা সবাই বাংলাদেশি নাগরিক। সবার অধিকার সমান। আপনারা কেউ ভয় পাবেন না, বুকে সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা (বিএনপি নেতাকর্মীরা) সবসময় আপনাদের পাহারা দেবে এবং পাশে থাকবে।”
তিনি যোগ করেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ব্যবসা করার জন্য নয়। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা হবে।”
দীর্ঘদিন ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে ফখরুল বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল অঙ্গীকার। বিএনপির লক্ষ্য হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।”
তিনি স্থানীয় ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো ভয়ভীতিতে কান দেবেন না। ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন এবং ধানের শীষকে বিজয়ী করে জনগণের সরকার গঠন করবেন।”
সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশকে কেন্দ্র করে পুরো ২৯ মাইল এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ রহমান
মন্তব্য করুন: