বড়লেখায় ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার, পিবিআইকে তদন্তের নির্দেশ
মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি বিকৃত করে প্রচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫ ও ২৭ ধারায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— সিলেটের বিয়ানীবাজার উপজেলার নওয়াগ্রামের আব্দুর রশিদের ছেলে আবুল কালাম আজাদ (২৯), বড়লেখার নিজ বাহাদুরপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে আলভী হোসেন হানিফ (২৭), সুনামগঞ্জের ছাতক উপজেলার চরদুর্লভ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (২৯), বড়লেখার হরিনগর মুড়াউল গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে কামিল আহমেদ রাজু (৩১), একই উপজেলার তারাদরম গ্রামের তছলিম উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৫) এবং গ্রামতলা গ্রামের মখলিছুর রহমানের ছেলে সানাউর রহমান চৌধুরী (৩০)।
এ ছাড়া ছাতক উপজেলার চেচান গোবিন্দগঞ্জ নতুন বাজার গ্রামের মৃত নুর মুহাম্মদের ছেলে মোহাম্মদ হবিবুর রহমান (৬৭), সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের হকিয়ারচর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মহসিন মিয়া (২৬), ছাতকের শ্যামনগর গ্রামের আব্দুস সালামের ছেলে ফয়সল আলম (৩৩), হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ঝিলুয়া মাস্টারবাড়ির রঞ্জিত চৌধুরীর ছেলে সৌরভ চৌধুরী অভী (২৯), ছাতক উপজেলার আরিফ উদ্দিনের স্ত্রী তানজিনা আক্তার (৩১), সিলেটের জকিগঞ্জ উপজেলার খিলগ্রামের নিজাম উদ্দিনের মেয়ে সুজিয়া বেগম (৩৩), সিলেট মহানগরের ৭ নম্বর ওয়ার্ডের এয়ারপোর্ট থানার আব্দুল খালিকের ছেলে আবু তালেব সাজিদ (২৯), মহানগরের ৩৪ নম্বর ওয়ার্ডের বহর আবাসিক এলাকার সালাহ উদ্দিন গাজী (৩৪) এবং বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে আবুল খায়ের (২৯)। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর প্রথম আসামি আবুল কালাম আজাদ তার ফেসবুক আইডি থেকে বাদী সাহেদ আহমদের ছবি অন্য এক নারীর ছবির সঙ্গে যুক্ত করে অশ্লীল ও মানহানিকর বক্তব্যসংবলিত একটি পোস্ট দেন বলে অভিযোগ রয়েছে। ওই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের নিয়েও কটূক্তিমূলক মন্তব্য করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য আসামিরা পোস্টটি শেয়ার করে বাদীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ বাদীর।
বাদী এজাহারে আরও উল্লেখ করেন, পোস্টটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানালে তাকে আরও ভিডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
বাদী সাহেদ আহমদের ভাষ্য অনুযায়ী, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এজাহারে আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও আনা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো তদন্তের ফলাফল পাওয়া যায়নি।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনজুর হাসান জানান, সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫ ও ২৭ ধারায় ১৫ জনকে নামীয় এবং ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।
হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: