ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত
দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জুপথ) সংস্কার করে সেখানে ক্যাবল কার চালুর উদ্যোগ নেওয়া হলে সিলেট অঞ্চলের পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। নদী, টিলা, হাওর ও মেঘালয়ের নীল পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ তৈরি হলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে ১৯ কিলোমিটার দীর্ঘ এ রোপওয়ে। এমনটাই মনে করছেন স্থানীয় অভিজ্ঞ মহল ও বিশিষ্টজনেরা।
বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ছাতক-ভোলাগঞ্জ রোপওয়েটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ে আছে। রেলপথে পাথর সরবরাহ সহজ, দ্রুত ও তুলনামূলক কম খরচে পরিবহনের লক্ষ্যে তৎকালীন পাকিস্তান সরকার ১৯৬৪ সালে রোপওয়েটির নির্মাণকাজ শুরু করে। ১৯৭০ সালে নির্মাণকাজ সম্পন্ন হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি পুনরায় সংস্কার করা হয়। দীর্ঘদিন চালু থাকার পর ২০১৩ সালের ৩১ ডিসেম্বর রোপওয়েটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
রোপওয়ে অফিস সূত্রে জানা গেছে, ১৯ কিলোমিটার দীর্ঘ এ রোপওয়েতে ট্রেসেল বা খুঁটি রয়েছে ১২০টি। স্টেশন চারটি—ছাতক, অ্যাঙ্গেল-১, অ্যাঙ্গেল-২ ও ভোলাগঞ্জ। এতে বাকেটের সংখ্যা ৪২৫টি। ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪৬টি বাকেট সচল ছিল। প্রতিটি বাকেটের ধারণক্ষমতা ১২ দশমিক ৯২ ঘনফুট বা প্রায় ৬০০ কেজি। রোপওয়েটির বার্ষিক পাথর পরিবহনক্ষমতা ছিল প্রায় ১২ লাখ ঘনফুট।
দীর্ঘদিন বন্ধ থাকায় রোপওয়ের বিভিন্ন স্থানে একাধিক ট্রেসেল হেলে পড়েছে। তার ছিঁড়ে মাটিতে পড়ে গেছে বেশ কয়েকটি বাকেট। এতে সরকারি বিপুল পরিমাণ সম্পদ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ছাতকের প্রাইম সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ ২০১৭ সালের ১৪ নভেম্বর পাথর পরিবহনের সুবিধার্থে যন্ত্রপাতি ও পাথর কোয়ারির জমিসহ রোপওয়েটি ৫০ বছরের জন্য ইজারা নিতে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। তবে ওই আবেদনের বিষয়ে পরবর্তী সময়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।
স্থানীয় অভিজ্ঞ মহলের মতে, সড়ক ও নৌপথে পাথর পরিবহনের বিকল্প ব্যবস্থা গড়ে ওঠায় বাণিজ্যিকভাবে রোপওয়েটির আগের প্রয়োজনীয়তা কমেছে। তাই পাথর পরিবহনের কাজে এটি পুনরায় ব্যবহারের পরিবর্তে সংস্কার করে পর্যটন উপযোগী ক্যাবল কার চালুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বিশ্বের বিভিন্ন পর্যটনকেন্দ্রের আদলে এ উদ্যোগ বাস্তবায়িত হলে ছাতক থেকে ভোলাগঞ্জ পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় পর্যটকেরা নদী, হাওর, টিলা ও মেঘালয়ের পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। এতে তৈরি হতে পারে রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা।
তাঁদের ধারণা, ক্যাবল কার চালু হলে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক এ পথে যাতায়াত করবেন। এর ফলে ছাতক ও ভোলাগঞ্জ এলাকায় হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, মার্কেটসহ পর্যটনকেন্দ্রিক নানা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। বাড়বে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ এবং সরকারের রাজস্ব আয়।
এ ছাড়া মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার বাঁশতলা (হকনগর) এলাকায় উন্নত যোগাযোগব্যবস্থা ও পর্যটনসুবিধা গড়ে তোলা হলে ক্যাবল কারে আসা পর্যটকদের জন্য নতুন একটি দর্শনীয় স্থান যুক্ত হতে পারে। এতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে এ অঞ্চলে পর্যটনের পরিধি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, বিএনপি নেতা আব্দুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজকুর পাবেল, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, সামছুর রহমান সামছু, জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুহিবুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, অ্যাডভোকেট কামাল, অ্যাডভোকেট আব্দুস সালাম এবং সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন এ সম্ভাবনার কথা তুলে ধরেন।
তাঁরা বলেন, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। রেলওয়ের কাছ থেকে প্রয়োজনীয় শর্তে ইজারা নিয়ে রোপওয়েটিকে পর্যটন খাতে ব্যবহার করা গেলে এটি একটি সম্ভাবনাময় অর্থনৈতিক উদ্যোগে পরিণত হতে পারে। পাশাপাশি সরকারের রাজস্ব আয় ও স্থানীয় কর্মসংস্থান বাড়বে।
এ সম্ভাবনা কাজে লাগাতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা ও প্রবাসী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, যথাযথ সমীক্ষা, কারিগরি নিরাপত্তা যাচাই ও পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে ছাতক-ভোলাগঞ্জ রোপওয়েকে পর্যটনের নতুন আকর্ষণে পরিণত করা সম্ভব।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: