বাহুবলে এসএসসির ফরম পূরণে কোচিং ফি আদায়, ব্যাখ্যা চাইবেন ইউএনও
হবিগঞ্জের বাহুবলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফির বাইরে কোচিংয়ের নামে অতিরিক্ত ২ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলের বিরুদ্ধে। কোচিং ফি না দিলে ফরম পূরণের নির্ধারিত টাকাও গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিভাবকদের অভিযোগ, এসএসসি পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত ফি ২ হাজার ৪০৫ টাকা। কিন্তু বিদ্যালয়ে এ টাকা জমা দিতে গেলে কোচিং ফি বাবদ অতিরিক্ত ২ হাজার টাকা ছাড়া ফরম পূরণের টাকা গ্রহণ করা হচ্ছে না। কোচিং করতে আগ্রহী না হলেও শিক্ষার্থীদের বাধ্য হয়ে এ টাকা দিতে হচ্ছে।
এক অভিভাবক জানান, রোববার ফরম পূরণের নির্ধারিত ২ হাজার ৪০৫ টাকা নিয়ে বিদ্যালয়ে গেলে সংশ্লিষ্ট শিক্ষক তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। কোচিংয়ের টাকা ছাড়া ফরম পূরণ করা যাবে না বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরে আজ শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে গেলে একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শেষ পর্যন্ত ফরম পূরণ করাতে বাধ্য হয়ে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ২ হাজার টাকা যোগ করে মোট ৪ হাজার ৪০৫ টাকা জমা দেন তারা।
অভিভাবক জেনি চৌধুরী বলেন, আমার সন্তানের ফরম পূরণের জন্য ২ হাজার ৪০৫ টাকা নিয়ে গেলে বিদ্যালয়ের শিক্ষক নাছির স্যার তা গ্রহণ করেননি। পরে অতিরিক্ত ২ হাজার টাকা দেওয়ার পর ফরম পূরণ করতে দিয়েছে।
অভিভাবকদের প্রশ্ন, সরকারি বিদ্যালয়ে পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত ফির সঙ্গে কোচিং ফি বাধ্যতামূলকভাবে আদায়ের সুযোগ কতটুকু? আর্থিকভাবে সচ্ছল পরিবারের কাছে ২ হাজার টাকা বড় বিষয় না হলেও দরিদ্র ও অসহায় পরিবারের শিক্ষার্থীদের জন্য এ অর্থ জোগাড় করা কঠিন। কোচিং করতে অনিচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকেও এ টাকা আদায় কতটা যৌক্তিক? সরকারি নির্দেশনা কিংবা লিখিত নোটিশ ছাড়া এভাবে অর্থ আদায়ের কারণ কী?
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেবনাথ বলেন, গত ১৬ নভেম্বর বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে সবার সম্মতিতে কোচিং বাবদ ২ হাজার টাকা দিতে চেয়েছেন অভিভাবকেরা। তবে ইউএনও স্যার সোমবার দুপুর ১২টার দিকে আমাকে ফোন করে কোচিংয়ের টাকা না নেওয়ার জন্য বলেন। এরপর থেকে আমরা আর টাকা নিচ্ছি না। তবে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি ইউএনও জানেন না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ‘আমি প্রশিক্ষণে আছি। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি অনেকেই আমাকে জানিয়েছেন। প্রশিক্ষণের ফাঁকে বিদ্যালয়ে যোগাযোগ করেছি। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে।’
অভিভাবকদের অভিযোগ, গত পাঁচ বছর ধরে বিদ্যালয়টিতে একইভাবে কোচিং ফি আদায় করা হচ্ছে। অথচ শিক্ষার্থীদের ফলাফলে প্রত্যাশিত উন্নতি নেই। গত বছরও কোচিংয়ের নামে টাকা নেওয়া হলেও এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে দাবি তাদের। তিন মাস কোচিং করানোর পরও কাঙ্ক্ষিত ফল না এলে এ অর্থ আদায়ের যৌক্তিকতা কোথায়, সেই প্রশ্নও তুলেছেন অভিভাবকেরা।
তাদের দাবি, কোচিংয়ের প্রয়োজন হলে আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছাভিত্তিক ব্যবস্থা রাখা যেতে পারে। কিন্তু পরীক্ষার ফরম পূরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কোচিং ফির সঙ্গে যুক্ত করে বাধ্যতামূলক অর্থ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা বিপাকে পড়তে পারে।
অভিভাবকেরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের জবাবদিহি এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি বিদ্যালয়ের নিয়মিত পাঠদানের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ফলাফল ভালো করতে উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: