হবিগঞ্জ-লাখাই সড়কের কাজে হস্তক্ষেপ করলে চলবে না: হুইপ জি কে গউছ

হবিগঞ্জ-লাখাই সড়কের কাজে হস্তক্ষেপ করলে চলবে না: হুইপ জি কে গউছ

নিজস্ব প্রতিনিধি, লাখাই

২৪/১১/২০২৬ ১৫:০৮:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তিনি বলেছেন, সড়কটির নির্মাণকাজে কেউ যেন কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারও অসহযোগিতার কারণে যেন কাজ বন্ধ না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি কে গউছ বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি নির্বাচিত হলে হবিগঞ্জ-লাখাই সড়ক চার লেনে উন্নীত করা হবে। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কটির অনুমোদন দিয়েছেন, অর্থ বরাদ্দ করেছেন। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। আজ নির্মাণকাজের উদ্বোধন করা হলো। জনগণের প্রয়োজন ও সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী আরও অর্থের জোগান দেবেন বলে আশা করছি। দ্রুত কাজ শেষ করে জনগণের ভোটের ঋণ পরিশোধ করতে চাই।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সড়কের নির্মাণকাজে কেউ যেন কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের অসহযোগিতার কারণে যেন কাজ বন্ধ না হয়। জনগণের ভোগান্তি সৃষ্টি হয়, এমন কোনো কাজে কেউ জড়াবেন না।

দেশের গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে হুইপ বলেন, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে, যাতে কোনো কারণে দেশের গণতন্ত্র হুমকির মুখে না পড়ে। বিশৃঙ্খলাকারীরা এত দিন গোপনে ছিল, এখন প্রকাশ্যে এসে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, আমরা যেন কেউ আওয়ামী লীগের পথ অনুসরণ না করি। আওয়ামী লীগের অপকর্মের কারণে দেশের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছিল। যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না।

বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে জি কে গউছ বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসিমুখে কারাগারে গিয়েছেন। বিগত ১৭ বছর আমরা রাজপথে ছিলাম। গুলি খেয়েছি, গ্রেপ্তার হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে পালিয়ে যাইনি। পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই।

তিনি বলেন, চোরাগোপ্তা হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ কিংবা পরিবহন শ্রমিক হত্যা করে মানুষের হৃদয় জয় করা যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে এবং সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করেছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে এবং মানুষের ভোটাধিকার ও বাক্‌স্বাধীনতা কেড়ে নিয়েছে। এ কারণেই ৫ আগস্ট সারাদেশের মানুষ প্রতিবাদে ফেটে পড়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট কোনো একক দলের অর্জন নয়, এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের অর্জন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, লাখাই উপজেলা বিএনপির সভাপতি আক্তার আহাদ স্বপন, সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, সহসভাপতি মো. শাহাজন মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও জাসাসের নেতাকর্মীরা।

আশীষ দাশ গুপ্ত/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad