দুদকের অভিযানের পর হবিগঞ্জে হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ, ভোগান্তিতে রোগীরা
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের পর বন্ধ হয়ে গেছে প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে সেবা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীদের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরকারি বরাদ্দ ও দক্ষ জনবলের সংকট রয়েছে। ফলে সরকারি ব্যবস্থাপনায় পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকায় রোগীদের বাইরে থেকে এসব পরীক্ষা করাতে হতো। এতে চিকিৎসার খরচ বেড়ে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ত।
রোগীদের এই দুর্ভোগ কমাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে হাসপাতালের ভেতরে নামমাত্র খরচে প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে সেবা চালু রাখা হয়েছিল। এতে এলাকার দরিদ্র ও অসহায় রোগীরা তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় পরীক্ষা করানোর সুযোগ পাচ্ছিলেন।
তবে সরকারি প্রতিষ্ঠানে সরকারি ব্যবস্থাপনার বাইরে এসব সেবা পরিচালনার বৈধতা নিয়ে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের একটি দল। অভিযানকালে বিভিন্ন অসংগতি পায় দুদক। পরে অভিযোগ ও আইনি জটিলতার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সেবাগুলো বন্ধ রাখে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা শুরু হয়েছে।
সেবা বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বুল্লা গ্রামের মাবিয়া বেগম বলেন, ‘আগে হাসপাতালের ভেতরেই কম খরচে পরীক্ষা করাতে পারতাম। এখন সেগুলো বন্ধ থাকায় বাইরে গিয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ করতে হচ্ছে। অনেক সময় দালালদের খপ্পরেও পড়তে হয়। আমাদের মতো গরিব মানুষের জন্য চিকিৎসা নেওয়া এখন আরও কঠিন হয়ে গেছে।’
মরিয়ম বেগমসহ আরও অনেক সেবাপ্রত্যাশী একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন। স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার সেবা বন্ধ থাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো ইচ্ছেমতো টাকা আদায় করছে। এর আর্থিক চাপ বহন করতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষকে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন, ‘সরকারি বরাদ্দ ও প্রয়োজনীয় জনবল সীমিত থাকায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থায় পরীক্ষার সেবাগুলো চালু রাখা হয়েছিল। এর পেছনে ব্যক্তিগত লাভ বা দুর্নীতির কোনো উদ্দেশ্য ছিল না। তবে দুদকের অভিযানে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়ম মেনে আপাতত সেবাগুলো বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
তিনি আরও জানান, সরকারি বরাদ্দ ও প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে পুনরায় এসব সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দুদকের অভিযানে উঠে আসা অসংগতিগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি উদ্যোগে দ্রুত প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে সেবা চালু করতে হবে। অন্যথায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবেন দরিদ্র ও অসহায় রোগীরা।
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: