যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হা/ম/লা, আহত ৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে একটি কনসার্টে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোমবার নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় শেরিফের কার্যালয় রোববার হামলার বিষয়টি নিশ্চিত করে।
শেরিফের কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুলারে কাউন্টির ছোট শহর স্ট্র্যাথমোরে এ হামলার ঘটনা ঘটে। প্রায় ১৫০ দর্শকের উপস্থিতিতে কনসার্ট চলার সময় একদল বন্দুকধারী সেখানে গুলি চালায়।
হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ২৬ বছর বয়সী এক যুবকের বুকে গুলি লাগে। অস্ত্রোপচার করা হলেও তার অবস্থা এখনো সংকটাপন্ন। এ ছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরও দুজনের অস্ত্রোপচার করতে হয়েছে। বাকি ছয়জন তুলনামূলক কম আহত হয়েছেন।
হামলার পেছনে কোনো অপরাধী চক্র বা গ্যাংয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: