জৈন্তাপুর সীমান্তে ৫ লাখ ৩৪ হাজার টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
সিলেটের জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (২৩ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর জৈন্তাপুর বিওপির পৃথক বিশেষ টহলদল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল, গরু ও মহিষ জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩৪ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।
জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: