সিলেটে একদিনে পৃথক ঘটনায় দুই মৃত্যু

সিলেটে একদিনে পৃথক ঘটনায় দুই মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

২৩/১১/২০২৬ ১৫:১১:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একদিনে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। অন্যদিকে, একই এলাকায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও তাঁর চাচাতো ভাই আমির হোসেনের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। মারামারির একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আমির হোসেনের মা আম্বিয়া বেগম হাতে জখম হন। মা আহত হয়েছেন—এমন ধারণা থেকে ক্ষুব্ধ হয়ে আমির হোসেন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।

অপরদিকে, আজ সোমবার রাত ১টার দিকে (গত দিবাগত রাত ১টায়) উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সোহান (২১) নামে এক কলেজছাত্র। তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে এবং স্নাতক (অনার্স) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে সোহান নিজের কক্ষে ঘুমাতে যান। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, একই ইউনিয়নের কাছাকাছি এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সকালে প্রকাশ্যে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুনের ঘটনায় স্থানীয়রা হতবাক।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad