শর্ত ভেঙ্গে যাদুকাটায় বোমা-ড্রেজারে বালু উত্তোলন: ইজারাদারকে ৭ দিনের আলটিমেটাম
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ইজারার শর্ত ভেঙে নিষিদ্ধ ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু তোলার অভিযোগ উঠেছে। এতে নদীর তীর ধসে পড়ছে, তিন ফসলি কৃষিজমির মাটি নষ্ট হচ্ছে এবং সরকারি খেলার মাঠের পাড় হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় ইজারা সংশ্লিষ্ট মো. নাসির মিয়াকে সাত দিনের আইনি নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করার হুঁশিয়ারি দিয়েছেন অভিযোগকারীর আইনজীবী। ২৩ নভেম্বর সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা তাঁর মক্কেল মো. মোছাদ্দেক আলীর পক্ষে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, জেলা প্রশাসনের রাজস্ব শাখা চলতি বছরের ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরের জন্য যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল ইজারা দেয়। কিন্তু শর্ত ও আইন ভেঙে ড্রেজার, বোমা বা শেইব মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। এতে করে মোদেরগাঁও গ্রামের ঐতিহাসিক সরকারি খেলার মাঠের পশ্চিম পাশে বালু তোলায় পাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শিশু-কিশোরদের খেলার পরিবেশ ও সরকারি সম্পদ ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি তিন ফসলি জমির মাটি কেটে বালু তোলায় কৃষকের জীবিকা হুমকির মুখে। নৌপথ দখল: মোদেরগাঁও-ধারা নৌঘাট ও গুদারা ঘাটে বালুবাহী নৌযান ও উত্তোলন কার্যক্রমের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। এসব পথ দখলমুক্ত করার দাবি জানানো হয়েছে।
অভিযোগকারী মো. মোছাদ্দেক আলী গত ৪ নভেম্বর সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। এর অনুলিপি পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং পুলিশ সুপারকে পাঠানো হয়। ৫ নভেম্বর জেলা প্রশাসকের কাছে আরেকটি লিখিত অভিযোগ দেওয়া হয়। আইনি নোটিশে দাবি করা হয়েছে, অভিযোগের পক্ষে স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও স্থানীয়দের সাক্ষ্য রয়েছে। তবে একাধিকবার অভিযোগ দিলেও এখনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি।
নোটিশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ৫ ধারা, সংশ্লিষ্ট বিধিমালা ২০১১-এর ১২ বিধি, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং দণ্ডবিধির ৪৩১, ৪২৭, ২৬৮ ও ২৯০ ধারার কথা উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৩৬ ও ১০২ অনুচ্ছেদের প্রসঙ্গও টানা হয়েছে।
নোটিশে সাত দিনের মধ্যে নিষিদ্ধ ড্রেজার ও বোমা বা শেইব মেশিন সরানো, অবৈধ উত্তোলন বন্ধ, তীর ও কৃষিজমি রক্ষা, খেলার মাঠের পাড় সংরক্ষণ এবং নৌপথ দখলমুক্ত করার দাবি জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন করা হবে বলে সতর্ক করা হয়েছে।যাদুকাটা নদী সুনামগঞ্জের পরিবেশ, কৃষি ও জনজীবনের বড় অবলম্বন। শর্ত মানানো ও নদী রক্ষায় প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং সাত দিনের মধ্যে নাসির মিয়া কী জবাব দেন, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয়রা
প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: