ভারতে অবৈধভাবে যাওয়ার চেষ্টাকালে শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন মোঘলাবস্তি এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সন্ধ্যায় বিজিবির নায়েক মোঃ দুলাল মিয়া সঙ্গীয় বিজিবি সদস্যদের নিয়ে শ্রীমঙ্গল থানাধীন ৭নং রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগান (মোঘলাবস্তি) এলাকায় সীমান্ত পিলার ১৯৩৮/১৮ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় টহল ডিউটি পালনকালে দেখতে পান যে, একজন ভারতীয় নাগরিক দুইজন বাংলাদেশি নাগরিকের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মিলান বর্মন (৫০), স্বামী-যতিন্দ্র বর্মন, গ্রাম-সম্বলপুর, থানা-আলিপুরদুয়ার, জেলা-জলপাইগুড়ি, রাজ্য-পশ্চিমবঙ্গ, ভারতকে আটক করতে সক্ষম হন। এ সময় তাকে সহায়তাকারী অপর দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ১ বছর পূর্বে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন। পরবর্তীতে পলাতক দুই ব্যক্তির সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তির নিকট বৈধ কোনো পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়
হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: