দীর্ঘ আট বছর পর নির্বাচনী উত্তাপ
চা বাগানে ভোটের লড়াই ২৮ নভেম্বর, নির্ধারণ হবে শ্রমিকদের নতুন নেতৃত্ব
দীর্ঘ আট বছর পর আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন। নির্বাচন সামনে রেখে দেশের চা-বাগানগুলোতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সাতটি ভ্যালিতে প্রায় এক লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
তবে এবারের নির্বাচনে মৌখিক প্রতিশ্রুতির বদলে মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার ও চিকিৎসাসেবাসহ দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও লিখিত ইশতেহার চাইছেন শ্রমিকেরা।
নির্বাচনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটি, সাতটি ভ্যালি ও বাগান পঞ্চায়েতের বিভিন্ন পদে ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চূড়ান্ত তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা প্রায় এক লাখ (বিভিন্ন তথ্যে ৯৮ হাজার থেকে ১ লাখ ৪৮ জন)।
নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি পদে লড়ছেন পঙ্কজ কন্দ ও রাজু গোয়ালা। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরেশ কালিন্দী, নিপেন পাল ও মুকেশ কর্মকার। প্রার্থীরা বাগানে বাগানে ঘুরে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ের আশ্বাস দিচ্ছেন।
নির্বাচনে শ্রমিকদের প্রধান দাবি দৈনিক মজুরি বৃদ্ধি। শ্রমিকদের ভাষ্য, বর্তমান দৈনিক ১৮৭ টাকা মজুরিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালানো অসম্ভব। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ এবং মজুরি থেকে ৫ শতাংশ কর্তনের নীতি প্রত্যাহার। পূর্ণাঙ্গ রেশনব্যবস্থা চালু ও ভূমির অধিকার নিশ্চিত করা। উন্নত বাসস্থান, নিরাপদ পানীয় জল, স্যানিটেশন ও সন্তানদের মানসম্মত শিক্ষা। বাগানের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
এদিকে প্রচারণা জমে উঠলেও প্রার্থীদের পূর্ণাঙ্গ লিখিত ইশতেহার এখনো প্রকাশ না পাওয়ায় প্রশ্ন তুলেছেন সাধারণ শ্রমিকেরা। তাঁদের মতে, প্রতিবারই নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু পরে তা বাস্তবায়িত হয় না। জবাবদিহি নিশ্চিত করতে এবার প্রার্থীদের কাছে লিখিত কর্মপরিকল্পনা চান তাঁরা।
এ বিষয়ে সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, শ্রমিকদের দাবিদাওয়াকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চলছে। আরেক সভাপতি প্রার্থী রাজু গোয়ালা জানান, অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাস্তবসম্মত ইশতেহার তৈরি করা হচ্ছে। সাধারণ সম্পাদক প্রার্থী পরেশ কালিন্দী নির্বাচনে রাজনৈতিক প্রভাবের আশঙ্কা নাকচ করে সুষ্ঠু ভোটের আশা প্রকাশ করেন। অন্য প্রার্থী নিপেন পাল বলেন, আট বছর পর নির্বাচন হওয়ায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর এই নির্বাচন হওয়ার কথা। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। তবে মামলা ও নানা জটিলতার কারণে ২০২১ ও ২০২৪ সালের নির্বাচন আটকে যায়। দীর্ঘ বিরতির পর হতে যাওয়া এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের সামনে শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: