সুনামগঞ্জে র‌্যাবের অভিযান বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার
Led Bottom Ad

সুনামগঞ্জে র‌্যাবের অভিযান বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩০/০১/২০২৬ ১৬:১৪:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২:৪০ মিনিটে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চেংবিল এলাকার একটি শিম বাগান থেকে এসব মাদক উদ্ধার করা হয়।


র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহল চলাকালীন গোপন সংবাদ পায় যে, সলুকাবাদস্থ চেংবিল এলাকার একটি শিম বাগানে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে র‍্যাবের দলটি দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।


র‍্যাব জানায়, আভিযানিক দলটি শিম বাগানের কাছাকাছি পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে র‍্যাব সদস্যরা ওই স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলোর ভেতর থাকা তিনটি কাগজের কার্টুন থেকে মোট ১৯৯ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।


র‍্যাবের প্রাথমিক ধারণা, পলাতক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে এই বিদেশী মদগুলো চোরাচালানের মাধ্যমে দেশে এনেছিল। তারা বড় কোনো চালানের অংশ হিসেবে বিক্রির উদ্দেশ্যে মাদকগুলো সেখানে মজুদ করেছিল।


এ বিষয়ে র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ মামলাটি পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব-৯-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই মাদক, সন্ত্রাস এবং জঙ্গি দমনে র‍্যাব আপসহীন। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকাসহ সর্বত্র র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad