সুনামগঞ্জের ১০ লাখ নারী ভোটার: ‘মৌন ভোট’ই গড়ে দেবে প্রার্থীদের ভাগ্য
সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে আসন্ন নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে প্রধান শক্তি হয়ে আবির্ভূত হয়েছেন নারী ভোটাররা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার ভোটের মাঠের নীরব বিপ্লব ঘটাতে পারেন জেলার ১০ লাখাধিক নারী ভোটার। প্রার্থীদের ভাগ্য গড়তে এই বিশাল জনশক্তির রায়ই হবে তুরুপের তাস।
জেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ৫টি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ২০ লাখ ৫০ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৪১ হাজার ৭২১ জন এবং নারী ভোটারের সংখ্যা প্রায় ১০ লাখ ৯ হাজার। পরিসংখ্যানে পুরুষ ও নারী ভোটারের ব্যবধান সামান্য হলেও ভোটকেন্দ্রে উপস্থিতির হার এবং সচেতনতার দিক থেকে এবার নারীরাই এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
সুনামগঞ্জের ৫টি আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৩ জন প্রার্থী বর্তমানে চূড়ান্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীরা এখন পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের মন জয় করাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ও তাঁদের নারী কর্মীরা প্রতিটি পাড়া-মহল্লা ও দুর্গম হাওর এলাকার ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
সচেতন মহলের মতে, সুনামগঞ্জের নারী ভোটাররা এখন আর কেবল পরিবারের পুরুষ সদস্যদের সিদ্ধান্তে ভোট দেন না। সময় বদলেছে এবং তাঁরা রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন হয়েছেন। বিশেষ করে গ্রামীণ ও শ্রমজীবী নারীরা প্রার্থীর অতীত ভূমিকা, এলাকার উন্নয়ন এবং বিপদে পাশে থাকার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
তাহিরপুর ও ধর্মপাশা এলাকার কয়েকজন নারী ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ভোট দেওয়ার বিষয়ে অত্যন্ত আগ্রহী, তবে একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা করছেন। তাঁদের সাফ কথা, “যিনি সৎ, যোগ্য এবং যাঁকে বিপদে পাশে পাওয়া যাবে, তাঁকেই আমরা ভোট দেব। তবে ভোট দেওয়ার পরিবেশ যেন সুন্দর থাকে।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পুরুষ ভোটাররা অনেক ক্ষেত্রে প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান বা মিছিল-মিটিংয়ে অংশ নিলেও নারীরা সাধারণত নীরব থাকেন। কিন্তু এই ‘নীরব ভোটাররাই’ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বড় ব্যবধান তৈরি করে দেবেন। প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পাওয়ায় নারী ভোটারদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।
সব মিলিয়ে, সুনামগঞ্জের রাজনৈতিক ময়দানে এখন একটাই আলোচনা—১০ লাখ নারী ভোটারের গোপন ব্যালটই নির্ধারণ করবে কার গলায় উঠবে বিজয়ের মালা।
এ রহমান
মন্তব্য করুন: