দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী আব্দুস সালাম মাদানী
‘নির্বাচিত হলে চেলা নদীর ওপর ত্রিমাত্রিক সেতু হবে’
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী বলেছেন, “বিগত ৫৪ বছরেও এই অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা দূরীকরণে কেউ কাজ করেনি। সবাই নিজেদের পকেট ভরেছে। আমরা ক্ষমতায় আসলে দোয়ারাবাজারের চেলা নদীর ওপর নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও-সোনাপুর-সারপিনপাড়া এলাকায় একটি আধুনিক ‘ত্রিমাত্রিক সেতু’ নির্মাণ করা হবে।”
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এক বিশাল গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে স্থানীয় নরসিংপুর বাজারে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সালাম আল মাদানী তাঁর বক্তব্যে আরও বলেন, “নির্বাচনি প্রচারণায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে দাঁড়িয়ে থাকা ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে বেছে নিতে প্রস্তুত। আমি নির্বাচিত হলে ছাতক ও দোয়ারাবাজারে অগ্রাধিকার ভিত্তিতে আধুনিক দুটি হাসপাতাল নির্মাণ করব এবং এই দুই উপজেলাকে মডেল জনপদে রূপান্তর করব।”
ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং আলাউর রহমান আলাল ও ইউনিয়ন সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সাদিক সালিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, ইউকে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস এবং সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক মানিক।
অন্য দল থেকে জামায়াতে যোগদান: সমাবেশ চলাকালে নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাহফুজসহ বিএনপি ও বিভিন্ন দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আব্দুস সালাম আল মাদানীর হাতে হাত রেখে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তারা ধানের শীষের পরিবর্তে এবার এলাকায় জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
এ রহমান
মন্তব্য করুন: