পরিবেশ আইন লঙ্ঘন
সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জ সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় বিধিবিধান না মেনে কার্যক্রম পরিচালনা করায় দুটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিবুর রহমান। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সদর উপজেলার ব্রাহ্মণগাঁও ও বল্লভপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মেসার্স আজিজ ব্রিকস ও মেসার্স খান ব্রিকস নামের দুটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে র্যাব-৯ ও সুনামগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিবুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: