নির্বাচনকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে সুনামগঞ্জে থানা পুলিশের বিশেষ উদ্যোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সুনামগঞ্জ মডেল সদর থানায় গ্রাম পুলিশের ভূমিকা ও করণীয় নির্ধারণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থানা কম্পাউন্ডে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা।
সুনামগঞ্জ মডেল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, "গ্রাম পুলিশ হলো বাংলাদেশ পুলিশের তৃণমূলের চোখ ও কান। নির্বাচনের আগে ও পরে গ্রামে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে গ্রাম পুলিশকেই সবার আগে খবর দিতে হবে।" তিনি কোনো ধরনের গুজবে কান না দিতে এবং এলাকায় বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বাড়লে দ্রুত পুলিশকে অবহিত করার নির্দেশ দেন।
থানা কম্পাউন্ডে উপস্থিত গ্রাম পুলিশদের উদ্দেশ্যে ওসি রতন শেখ পিপিএম বলেন, "নির্বাচনকালীন সময়ে আপনাদের সম্পূর্ণ নিরপেক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রার্থীর প্রভাব বা চাপে নতিস্বীকার করা যাবে না। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সাথে আপনাদের সমন্বয় আরও বৃদ্ধি করতে হবে।"
সভার মূল নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে নিজ নিজ এলাকায় বিট পুলিশিংয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্বাচন কেন্দ্রিক কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রুখে দেওয়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাৎক্ষণিক থানায় যোগাযোগ করা, ইউনিফর্ম পরা অবস্থায় কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা থেকে বিরত থাকা।
সভায় উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা আসন্ন নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশে থেকে জানপ্রাণ দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে থানার অন্যান্য পদস্থ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডি আর ডি
মন্তব্য করুন: