তাহিরপুরে কৃষিজমির মাটি কাটায় এক্সকেভেটর ও ৩ ট্রলি জব্দ
Led Bottom Ad

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তাহিরপুরে কৃষিজমির মাটি কাটায় এক্সকেভেটর ও ৩ ট্রলি জব্দ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৫/০২/২০২৬ ২৩:৫৭:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে কৃষিজমি ও খাসজমির সুরক্ষায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাটি কাটার একটি এক্সকেভেটর অকেজো করার পাশাপাশি তিনটি মাটিবাহী ট্রলি জব্দ করা হয়েছে।

​অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। এতে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং তাহিরপুর থানা পুলিশের একটি দল।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভাটি তাহিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই একদল ব্যক্তি কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রি করছিল। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ লঙ্ঘন করে এমন কর্মকাণ্ড চললে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

​অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেটর (ভেকু) উদ্ধার করে সেটিকে অকেজো করে দেওয়া হয়। এ ছাড়া মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রলি জব্দ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে ট্রলিচালক অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাকে সাজা না দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বিনা অনুমতিতে কর্ষণীয় ভূমির মাটি কাটা একটি দণ্ডনীয় অপরাধ। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষিজমি ও সরকারি খাসজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad