বাগানবাড়ি বর্ডার হাটকে স্থলবন্দর করার প্রতিশ্রুতি জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, নির্বাচিত হলে সীমান্তবর্তী বাগানবাড়ি বর্ডার হাটকে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর করা হবে। একই সঙ্গে টেংরাটিলার গ্যাস ব্যবহার করে দোয়ারাবাজারে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
জাহাঙ্গীর আলম বলেন, “আমি এই উত্তর সুরমার মাটির সন্তান। আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে আছি এবং থাকব। অত্যন্ত দুঃখের বিষয়, টেংরাটিলার গ্যাস দিয়ে দেশের অন্যান্য এলাকার শিল্পকারখানা চললেও অবহেলিত দোয়ারাবাজারে কোনো কলকারখানা গড়ে ওঠেনি। আমি নির্বাচিত হলে এখানে শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেব।”
উপজেলার জরাজীর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থার সমালোচনা করে জাপা প্রার্থী বলেন, “দোয়ারাবাজারের প্রায় প্রতিটি রাস্তার বেহাল দশা। জনপ্রতিনিধি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিশ্চিত করব।”
বোগলাবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মো. আব্দুল্লাহ প্রমুখ।
এর আগে জাহাঙ্গীর আলম দিনভর উপজেলার কালাপশী, নরসিংপুর, চাইরগাঁও, বালিউরা ও বাংলাবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের সুযোগ দেওয়ার আহবান জানান।
এ রহমান
মন্তব্য করুন: