দিনারপুরে ‘দল যার যার, রেজা সবার’: কিবরিয়ার পক্ষে একাট্টা চার ইউনিয়ন
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমীকরণ ওলটপালট করে দিচ্ছে দিনারপুর পরগনার একাট্টা অবস্থান। এই আসনের ‘ভোটব্যাংক’ হিসেবে পরিচিত দিনারপুরের চারটি ইউনিয়নের সাধারণ মানুষ ও বিভিন্ন দলের নেতাকর্মীরা দলমত নির্বিশেষে ধানের শীষের প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দেবপাড়া (বালিদ্বারা) বাজার মাঠে আয়োজিত এক ব্যতিক্রমী ‘সর্বদলীয় কর্মিসভা’ থেকে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়।
দিনারপুর পরগনার বিশিষ্ট মুরুব্বি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বীরপ্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেবপাড়া, গজনাইপুর, পানিউমদা ও পুটিজুরী ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সভায় বক্তারা বলেন, “দিনারপুরের সন্তান রেজা কিবরিয়া আমাদের গর্ব। এলাকার উন্নয়নের স্বার্থে এবার প্রার্থী বা প্রতীক নয়, আমরা ব্যক্তির পক্ষে ঐক্যবদ্ধ। এবারের স্লোগান—‘দল যার যার, রেজা সবার’।”
উল্লেখ্য, গত মঙ্গলবার এলাকার প্রবীণ এক জনপ্রতিনিধির বাড়িতে মুরুব্বিদের গোপন বৈঠকের পরই এই বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়। দিনারপুর পরগনার এই ঐক্য যেকোনো নির্বাচনে জয়-পরাজয়ের প্রধান নিয়ামক হিসেবে কাজ করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. রেজা কিবরিয়া বলেন, “দিনারপুরবাসীর এই ভালোবাসা ও ঐক্য আমাকে ঋণী করেছে। অবহেলিত এই জনপদের উন্নয়নে বাবার (শাহ এ এস এম কিবরিয়া) স্বপ্ন পূরণে আমি আপনাদের পাশে থাকব।” সভায় তাঁর সহধর্মিণী সিমি কিবরিয়াও উপস্থিত ছিলেন এবং মানুষের অভূতপূর্ব সাড়া দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম কালাম, সৈয়দ খালেদুর রহমান এবং জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহ আবুল খায়েরসহ বিএনপি, গণফোরাম ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ। স্থানীয়রা জানান, এই প্রথম কোনো জাতীয় নির্বাচনে এলাকার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা আদর্শিক ভেদাভেদ ভুলে এক মঞ্চে দাঁড়িয়েছেন।
গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ বলেন, “দিনারপুরের কাছে ঐক্যই মূল। রেজা কিবরিয়া এলাকার ভাবমূর্তি উজ্জ্বল করবেন, এটাই আমাদের বিশ্বাস।”
নির্বাচনের চূড়ান্ত লগ্নে দিনারপুর পরগনার এই সম্মিলিত সমর্থন হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়াকে অনেকটা সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ রহমান
মন্তব্য করুন: