হবিগঞ্জে ধানের শীষের প্রার্থীকে ২৮ টি চা বাগান শ্রমিকদের সমর্থন
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে ২৮টি চা–বাগানের শ্রমিকদের অংশগ্রহণে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলার সুরমা চা–বাগানের ১০ ডিভিশনের মাঠে এই সমাবেশ হয়। আয়োজকদের দাবি, এটি চা–শ্রমিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৃহত্তম রাজনৈতিক সমাবেশগুলোর একটি।
সমাবেশে চুনারুঘাট উপজেলার ২৩টি এবং মাধবপুর উপজেলার ৫টি চা–বাগান থেকে কয়েক হাজার নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। তাঁরা ব্যানার, ফেস্টুন ও প্রতীকসম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে সভাস্থলে উপস্থিত হন। মাঠজুড়ে ধানের শীষ প্রতীকের পোস্টার ও ব্যানার দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মো. ফয়সল। বিশেষ অতিথি ছিলেন চা–শ্রমিক নেতা সৈয়দ শাফকাত আহমেদ। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং চা–বাগান কমিটির প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, চা–শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাঁদের দাবি, এসব সমস্যা সমাধানের প্রত্যাশায় চা–শ্রমিকরা ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানাচ্ছেন।
চা–শ্রমিক নেতা অবিরত বাক্তি বলেন, চা–শ্রমিকদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতেই তাঁরা ঐক্যবদ্ধ হয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ জরুরি।
শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, চা–শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাঁদের জীবনমান উন্নয়নে এখনও পর্যাপ্ত উদ্যোগ নেই। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. ফয়সল বলেন, নির্বাচিত হলে চা–শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি চা–শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার করেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: