ভোটের প্রস্তুতি চূড়ান্ত
লাখাইয়ে সিসিটিভির আওতায় ২২ ঝুঁকিপূর্ণ কেন্দ্র
হবিগঞ্জের লাখাই উপজেলায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি শেষ পর্যায়ে। সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে এবং ১১ ফেব্রুয়ারি থেকেই ভোটকেন্দ্রে ব্যালটসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। হাওর বেষ্টিত এই জনপদে মোট ১ লাখ ৩৫ হাজার ১৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
* পুরুষ ভোটার: ৬৮ হাজার ৯৫০ জন।
* নারী ভোটার: ৬৬ হাজার ১৯৫ জন।
* তৃতীয় লিঙ্গ: ১ জন।
* পোস্টাল ব্যালট: ৬৩৪ জন।
উপজেলায় মোট ৪৩টি ভোট কেন্দ্রে ২৭৪টি বুথে ভোটাররা তাদের মতামত প্রদান করবেন।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মুরাদ ইসলাম জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি খুব ভালো।
নিরাপত্তার লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা:
* পুলিশের ৪টি স্ট্রাইকিং ফোর্স।
* সেনাবাহিনী ও বিজিবির আলাদা ক্লাস্টার টিম।
* আনসার ও ভিডিপি সদস্য।
লাখাই থানার ওসি মো. জাহিদুল হক জানান, অপ্রীতিকর পরিস্থিতি রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া, উপজেলার ৪৩টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এসব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু করতে ২শ ৮৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫শ ৭৫ জন পোলিং অফিসার প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: