হবিগঞ্জে জমি ভরাট ও নালা বন্ধ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
Led Bottom Ad

হবিগঞ্জে জমি ভরাট ও নালা বন্ধ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১১/০২/২০২৬ ২২:০৬:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটিহারা পূর্ব পাড়া গ্রামের সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আব্দুল কাদির (৫৫) তার নিজস্ব জমিতে মাটি ভরাট করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরে ওই জমির ওপর দিয়ে গ্রামের পানি নিষ্কাশনের একটি নালা প্রবাহিত ছিল। কাদির জমি উঁচু করায় নালাটি বন্ধ হয়ে যায়, ফলে পুরো গ্রামে পানি চলাচল ব্যাহত হয়।

গ্রামবাসী বিকল্প ড্রেন বা নালা রাখার অনুরোধ জানালেও আব্দুল কাদির তা আমলে না নিয়ে কাজ চালিয়ে যান। বুধবার সকালে তার পক্ষের লোকজন নির্মাণকাজ শুরু করলে মহিবুর আলম (৫০)-এর নেতৃত্বে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় লাখাই আর্মি ক্যাম্প থেকে সেনাসদস্যরাও যৌথ অভিযানে যোগ দেন। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad