সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ
নবীগঞ্জে বিএনপির ৩৩ নেতাকর্মীকে বহিষ্কার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ঠিক একদিন আগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির ৩৩ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দল মনোনীত প্রার্থীর বিরোধিতা, শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নবীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ, নির্বাচনী কর্মকাণ্ডে অসহযোগিতা এবং দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রথম দফায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পদধারী ২৩ জন এবং দ্বিতীয় দফায় আরও ৯ জনসহ মোট ৩৩ জন নেতার নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।উল্লেখযোগ্য বহিষ্কৃত নেতারা হলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী ও অরুণ কুমার চৌধুরী, সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ রাকিব রনি, ৯নং ইউপি সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী রনি, এবং যুবদল নেতা শেখ সিপন মিয়া।
উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে শক্তিশালী রাখতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে। বিষয়টির ব্যাপারে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: