নবীগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলার অপরাধে একজনকে কারাদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অপরাধে গোলাম রসুল নামে এক ইংল্যান্ডপ্রবাসীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে ঢুকে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন এবং একপর্যায়ে ভোট দেবেন না বলে একটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গেও তিনি ধস্তাধস্তি করেন।
ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় কার্যকর করতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় আহাদুর রহমানের ছেলে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া এবং দলটির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ রহমান
মন্তব্য করুন: