বানিয়াচংয়ে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, অস্ত্রসহ আটক ১
হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি ভোটকেন্দ্রে বিএনপি ও খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দুপুরে মন্দরী গ্রামের কয়েকজন লোক আওয়ামী লীগ সমর্থকদের হুমকি দিলে বিএনপি এবং জামায়াত সমর্থিত খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে কেন্দ্রে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। এরপর খবর পেয়ে বিজিবি, র্যাব ও পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।
মিডিয়ায় দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার আখি রাণী দাস বলেন, “ভোটকেন্দ্রের বাইরে কিছু মানুষের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোল হয়েছে। তবে তাৎক্ষণিক নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও জানান, “পরবর্তীতে সেনাবাহিনী কেন্দ্রের পার্শ্ববর্তী একজনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।”
এ রহমান
মন্তব্য করুন: