হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার বিজয়ে আলোচনায় সিমি কিবরিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়া। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ১১ হাজার ৩৭৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা প্রতীক) পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন এবং ভোট প্রদানের হার ছিল ৪৫.৮৯ শতাংশ।
ফলাফল ঘোষণার পর নবীগঞ্জ ও বাহুবল-এর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হয়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গ্রাম থেকে শহর—সবখানেই ছিল উচ্ছ্বাস আর প্রত্যাশার নতুন আলো।
এই বিজয়ের পেছনে তাঁর সহধর্মিণী সিমি কিবরিয়ার ভূমিকা বিশেষভাবে আলোচনায় এসেছে। নির্বাচনী প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি মাঠে থেকে গণসংযোগ, নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সামাজিক ও পারিবারিক সভায় অংশ নিয়ে প্রার্থীর পক্ষে জনমত গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখেন। অনেকেই বলছেন, তাঁর উপস্থিতি শুধু আনুষ্ঠানিক ছিল না; ছিল সংগঠনের প্রাণশক্তি। নারী ভোটারদের মাঝে তিনি আত্মবিশ্বাস জাগিয়েছেন, তরুণদের সঙ্গে উন্নয়ন ও সম্ভাবনার কথা বলেছেন, প্রবীণদের কাছে পৌঁছে দিয়েছেন আস্থার বার্তা।
বিজয়ের পর এলাকাবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন সিমি কিবরিয়া। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনি আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ঘনিষ্ঠজনদের মতে, প্রচারণার প্রতিটি ধাপে তিনি যে সময়, শ্রম ও আন্তরিকতা দিয়েছেন—তা এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া (ঘোড়া) পেয়েছেন ৩৪ হাজার ৪৬২ ভোট। এছাড়া ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার) পেয়েছেন ৫ হাজার ২৪৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কাজী তোফায়েল আহমেদ (মোটরগাড়ি) পেয়েছেন ৬৩৯ ভোট। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ব্যাপক প্রচারণা ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে ড. রেজা কিবরিয়া এ বিজয় অর্জন করেন।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় ড. রেজা কিবরিয়া ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তাঁর প্রধান অঙ্গীকার। তিনি উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতামূলক রাজনীতি প্রতিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ড. রেজা কিবরিয়া দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়ার-এর সন্তান। নির্বাচনের আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করে দলে যোগ দেন এবং দলীয় মনোনয়ন লাভ করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, পিতার অসমাপ্ত উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে তিনি হবিগঞ্জ-১ আসনে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন। আর এই প্রত্যাশার পথচলায় পাশে থাকবেন সিমি কিবরিয়া—যার নীরব পরিশ্রম ও দৃঢ় উপস্থিতি ইতোমধ্যেই এই বিজয়ের গল্পে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে উঠেছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: