জগন্নাথপুরে শহিদ মিনারে এমপি কয়ছর ও প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ এবং জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে প্রাণ উৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়ারা চাঁদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদারসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং নানা কর্মসূচি পালিত হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: