নাব্যতা সংকটে সোমেশ্বরী: অস্তিত্ব সংকটে শতবর্ষী মধ্যনগর বাজার
Led Bottom Ad

নাব্যতা সংকটে সোমেশ্বরী: অস্তিত্ব সংকটে শতবর্ষী মধ্যনগর বাজার

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

২৩/০২/২০২৬ ১৪:০৪:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরী নদী নাব্যতা হারিয়ে বিশাল চরে পরিণত হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে শতবর্ষী মধ্যনগর বাজার। প্রায় দেড়শ বছর আগে এই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা একসময়ের দেশের অন্যতম প্রধান ধানের আড়তটি এখন বাণিজ্যিক স্থবিরতার মুখে। শুষ্ক মৌসুমের শুরুতেই নদীর তলদেশ জেগে ওঠায় মুন্সিগঞ্জ, চাঁদপুর, ভৈরব ও আশুগঞ্জের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোর সঙ্গে নৌ-যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ধানসহ বিভিন্ন নিত্যপণ্য পরিবহনে ব্যবসায়ী ও মাঝিদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বর্তমানে বড় নৌকায় মালামাল আনা-নেওয়া সম্ভব না হওয়ায় মাঝপথে পণ্য নামিয়ে ছোট নৌকায় বদল করতে হচ্ছে, যা পরিবহন খরচ ও সময় দুই-ই বাড়িয়ে দিয়েছে।

মধ্যনগর বাজার আড়ত কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বরুণ রায় জানান, আগে এক হাজার মণের ধান এক নৌকাতেই নেওয়া যেত, এখন খরচ দ্বিগুণ হয়ে গেছে। নদীর এই দুরবস্থার কারণে সেচ কাজেও সংকট তৈরি হয়েছে এবং আগাম বন্যার ঝুঁকিতে কৃষকরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। নদীটি ভরাট হয়ে যাওয়ায় পাইকাররা এখন বিকল্প বাজারের দিকে ঝুঁকছেন, যা মধ্যনগরের ঐতিহ্যবাহী বাণিজ্যে ধস নামিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতির সভাপতি মো. আবুল বাশার দীর্ঘ দিন ধরে নদী খননের দাবি জানিয়ে আসলেও কোনো কার্যকর ফল মেলেনি। তবে আশার কথা শুনিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার। তিনি জানান, জেলার ১৯টি নদী খননের পরিকল্পনার মধ্যে সোমেশ্বরী নদীটিও সমন্বিত ড্রেজিং প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে; প্রয়োজনীয় অনুমোদন পেলেই খননকাজ শুরু হবে।

সুনামগঞ্জ জেলা কৃষক সমিতির আহ্বায়ক অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার মনে করেন, সোমেশ্বরী ও গুমাই নদী খনন করে কংস নদীর সঙ্গে সংযুক্ত করা গেলে হাওর এলাকার কৃষি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি মধ্যনগর বাজার পুনরায় তার হারানো জৌলুস ফিরে পাবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad