জামালগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ দুইজন আটক
সুনামগঞ্জের জামালগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চানপুর বাজারের খেয়াঘাট এলাকা থেকে ৩৫ কেজি গাঁজা ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের শাহ জাহান (৩৮) এবং নরসিংদী জেলার রায়পুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রানা সরকার (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, সুরমা নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় এলাকাবাসী সেটিকে আটকে পুলিশে খবর দেয়। পরে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌকায় তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজার চালান উদ্ধার করে এবং নৌকাসহ দুইজনকে থানায় নিয়ে আসে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনগণের সহযোগিতায় এই বড় মাদকের চালানটি ধরা সম্ভব হয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ রহমান
মন্তব্য করুন: