অন্তঃসত্ত্বাসহ ৬ জন আহত
বড়লেখায় যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কেছরীগুল গ্রামে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক ভয়াবহ সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। গত ২২ ফেব্রুয়ারি বিকেলে প্রতিবেশী একটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শাহিন আহমদের বাড়িতে এই হামলা চালায়। এতে অন্তঃসত্ত্বা নারী ও বৃদ্ধাসহ একই পরিবারের অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রথমে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় এবং এতে বাধা দেওয়ায় তারা দা, কুড়াল ও লোহার রড নিয়ে বসতবাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। হামলায় শাহিনের বড় ভাই শামীম আহমদ মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন এবং মা আয়েশা বেগমের হাত-পায়ের হাড় ভেঙে দেওয়া হয়। সবচেয়ে অমানবিক ঘটনা ঘটে শাহিনের অন্তঃসত্ত্বা স্ত্রী শাহিদা বেগমের ওপর; তাঁর তলপেটে লাথি মারলে রক্তক্ষরণ শুরু হয় বলে জানা গেছে। এছাড়া বসতঘর ও দোকানে ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় শাহিন আহমদ বাদী হয়ে বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হবে।
এ রহমান
মন্তব্য করুন: