সুনামগঞ্জে ডিবির পৃথক অভিযান, ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
মাদকের বিরুদ্ধে অভিযানে সুনামগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) রাতে সুনামগঞ্জ সদর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়পাড়া ও পশ্চিম তেঘরিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই অঞ্জন চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযানে গ্রেপ্তার করা হয় মো. আতাউল গনি ওরফে রুবেল (৩৪), মাহিদুল ইসলাম তাহরিম (১৯) ও মো. মাজেদুল ইসলাম তানজিরকে (১৯)।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে মোট ১৪৯ বোতল বা ১৪ হাজার ৯০০ মিলিলিটার ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মো. কামাল হোসেন, এসআই মাসুদ আহমদ, এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মোহাম্মদ রৌশন আলী, এএসআই ইসমাইল হোসেন ও এএসআই মো. খাদেমুল ইসলামসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: