রণক্ষেত্র জলুষা-আমজোড়া এলাকা
মধ্যনগরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ টেঁটাবিদ্ধ ২
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের জলুষা ও আমজোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দেড় বছরের পুরনো বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আমজোড়া গ্রামের সামনে সংঘটিত এই সংঘর্ষে ইউপি সদস্যসহ দুইজন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত আরও ছয়-সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমজোড়া গ্রামের ইউপি সদস্য উজ্জ্বল মিয়া ও তার লোকজনের সাথে জলুষা গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, যা নিরসনে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার দুপুরে পুরনো ক্ষোভের জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উজ্জ্বল মেম্বার পায়ে এবং তার চাচাতো ভাই মোশারফ বুকে টেঁটাবিদ্ধ হন। আহত উজ্জ্বল মেম্বারের অভিযোগ, জলুষা গ্রামের মিজান ও শাহ আলমের নেতৃত্বে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায় এবং দীর্ঘ দেড় বছর ধরে তারা ওই পথ দিয়ে চলাচলে বাধার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে, জলুষা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান দাবি করেন, বাজারে যাওয়ার পথে উজ্জ্বল মেম্বারের লোকজন তার পথরোধ করে মারধর ও টাকা-মোবাইল ছিনিয়ে নিয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে জলুষা গ্রামের মিজানুর রহমানকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও পুনরায় সংঘাত এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ রহমান
মন্তব্য করুন: