নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নারী ও শিশুসহ শতাধিক আহত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া (বাশডর) গ্রামে রাস্তার মালিকানা নিয়ে পূর্ব বিরোধের জেরে সোমবার (২ মার্চ) সকালে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে; এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাউসা ইউনিয়নের দেবপাড়া গ্রামের একই গোষ্ঠীর আব্দুল মন্নাফ এবং মাসুক মিয়ার মধ্যে ইসমত আলীর বাড়ির রাস্তাকে কেন্দ্র করে গত দুই মাস ধরে চলা বিরোধের সূত্র ধরে রবিবার রাতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। রাতেই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে সোমবার সকাল ১০টায় থানায় বসার নির্দেশ দিলেও সকাল ৮টার দিকে উভয় পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রণক্ষেত্রে লিপ্ত হয় এবং প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে; তবে সংঘর্ষে গুরুতর আহত একরাম মিয়া, কাচা মিয়া, কামরান মিয়া, জুনেদ মিয়া ও কানিজ বেগমসহ ৩৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই লঙ্কাকাণ্ড ঘটেছে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ রহমান
মন্তব্য করুন: