শান্তিগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বোধন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আক্তাপাড়া সংলগ্ন ধরের বন্দের খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে; শুক্রবার (৬ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে এমপি কয়ছর আহমেদ বলেন, হাওরাঞ্চলে দখল হয়ে যাওয়া খাল ও নদী উদ্ধারের ক্ষেত্রে বিভিন্ন বাধা আসতে পারে, তবে জনগণের সার্বিক সহযোগিতায় সকল অবৈধ দখল উচ্ছেদ করা হবে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের স্বপ্ন বাস্তবায়ন ও তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় বর্তমান সরকার দেশের সকল ভরাট হওয়া খাল ও নদী উদ্ধারে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে, যার লক্ষ্য হলো কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা। সংসদ সদস্য গুরুত্ব দিয়ে বলেন, বিএনপি সরকার কেবল খাল খননেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর পাশ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকেও সমানভাবে অগ্রাধিকার দিচ্ছে যাতে প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহান, শান্তিগঞ্জ থানার ওসি মো. ওলি উল্লাহ, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ রহমান
মন্তব্য করুন: