ছাতক পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্ট থেকে হাইস্কুল মার্কেট এলাকা পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে ছাতক থানা পুলিশ। সোমবার বিকেলে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত ও রাস্তার একটি বড় অংশ দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এর ফলে সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত যানজটের কবলে পড়ছিল ছাতক শহর। জনদুর্ভোগ লাঘব ও রাস্তা পরিচ্ছন্ন রাখতে ওসির নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট সরিয়ে দেয়।
অভিযানের সময় ব্যবসায়ী ও স্থানীয়দের সতর্ক করে ওসি মিজানুর রহমান বলেন, ‘পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং কোনো ধরনের জরিমানা করিনি। তবে এখন থেকে পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানা আদায় করা হবে।’
অভিযান পরিচালনাকালে ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু, মধ্য বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আব্দুল হাই কালা মিয়াসহ থানা পুলিশের সদস্য ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: