৩৬ হাজার টাকা জরিমানা
তাহিরপুরে জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার এনায়েতপুর ও বালিজুরী বাজারে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল রায়হানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৬ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। অভিযানে মোট ৬টি মামলায় ৩৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের অবৈধ মজুত, সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নিত্যপণ্যের দাম বাড়িয়ে বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ীদের সরকারের নির্ধারিত মূল্য তালিকা মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের এই ধরনের অভিযান চলমান থাকবে। কেউ যদি অতিরিক্ত দাম আদায় বা আইন অমান্য করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ রহমান
মন্তব্য করুন: