মাধবপুরে ৫টি ভারতীয় গরু ও ৪৮ বোতল মদ জব্দ
Led Bottom Ad

বিজিবির অভিযান

মাধবপুরে ৫টি ভারতীয় গরু ও ৪৮ বোতল মদ জব্দ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১০/০৩/২০২৬ ১৭:৪৪:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ মার্চ) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজেন্দ্রপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত রেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামনগর এলাকার একটি জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা ভারত থেকে মাদকগুলো এনে পাচারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রেখেছিল।

এর আগে সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে পৃথক আরেকটি অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় জঙ্গলের ভেতরে লুকিয়ে রাখা মালিকবিহীন পাঁচটি ভারতীয় গরু জব্দ করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকদ্রব্য ও গরুগুলো বর্তমানে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad