ছাতকে দিনমজুর ফজল মিয়া হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী পুরান নোয়াকুট গ্রামে দিনমজুর ফজল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ছনবাড়ী বাজারে আয়োজিত এই কর্মসূচিতে এলাকাবাসী ফজল মিয়ার খুনিদের ফাঁসির দাবি জানান। পুরান নোয়াকুট জামে মসজিদের মুতাওয়াল্লি কাচা মিয়ার সভাপতিত্বে এবং যুবনেতা আফতাব হোসেন জিসান ও তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা জানান, গত ৪ মার্চ মসজিদের তহবিলের টাকার হিসাব নিয়ে গ্রামবাসীর বৈঠকে হিসাব চাইতে গিয়েই ফজল মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন। এসময় মাসুক মিয়া, নূরই মিয়া, হারুন মিয়া, তারেক আহমদ ও কাদির মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফজল মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়, যার ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ফজল মিয়ার আকস্মিক মৃত্যুতে তার স্ত্রীসহ পাঁচটি অপ্রাপ্ত বয়স্ক শিশু সন্তান বর্তমানে চরম অসহায় অবস্থায় দিনাতিপাত করছে।
সভায় এডভোকেট জাহাঙ্গীর আলম রাসেল, ডা. হুমায়ুন আহমদ, জিয়াউল হক ইকবাল হোসেন, নূর আহমদসহ অন্যান্যরা অভিযোগ করেন যে, নির্মম এই হত্যাকাণ্ডের মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবেন।
এ রহমান
মন্তব্য করুন: