মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিখলা–কমলপুর সড়ক সংস্কার কাজে ব্যবহারের জন্য রাস্তার দুই পাশে কেটে রাখা মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে ট্রাক্টরের মাধ্যমে এসব মাটি বিভিন্ন মানুষের কাছে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে হরিখলা থেকে কমলপুর গ্রাম পর্যন্ত সড়ক সংস্কার কাজ শুরু হলে রাস্তার দুই পাশে মাটি কেটে স্তুপ করে রাখা হয়। অভিযোগ রয়েছে, কমলপুর গ্রামের আবিদ মিয়ার ছেলে রুবেল মিয়া এবং নাজিরপুর গ্রামের কালা মিয়া রাতের অন্ধকারে ট্রাক্টরের মাধ্যমে ওই মাটি বিভিন্ন স্থানে বিক্রি করে দিচ্ছেন।
বুধবার (১১ মার্চ) সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন এলাকাবাসী।
তবে অভিযোগ অস্বীকার করে রুবেল মিয়া বলেন, “আমি কোনো মাটি বিক্রির সঙ্গে জড়িত নই।”
অন্যদিকে কালা মিয়া বলেন, “আমি একজন ট্রাক্টর চালক। মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়াই আমার কাজ। মাটি কাটার সঙ্গে আমি জড়িত নই।”
এ বিষয়ে কমলপুর গ্রামের বাসিন্দা তারেক মির্জা, রুকন মিয়া সর্দার ও রানা অভিযোগ করে বলেন, “রুবেল মিয়ার যোগসাজশে কালা মিয়ার ট্রাক্টরের মাধ্যমে রাতের অন্ধকারে রাস্তার মাটি বিক্রি করা হচ্ছে।”
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: