ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সুনামগঞ্জে ভুল ওষুধ বিক্রির দায়ে সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সরবরাহ না করে এক শিশুকে ভুল ওষুধ দেওয়ার দায়ে 'সিটি ফার্মেসি'কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এক ব্যক্তি তার অসুস্থ শিশুর জন্য সিটি ফার্মেসি থেকে ওষুধ কেনেন। তবে ফার্মেসি কর্তৃপক্ষ তাকে প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ওষুধ না দিয়ে ভুল ওষুধ সরবরাহ করে। সেই ভুল ওষুধ সেবনের পর শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ভুক্তভোগী অভিভাবক লিখিত অভিযোগ দায়ের করলে অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে ওই ফার্মেসিতে অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সত্যতা প্রমাণিত হওয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রচলিত আইন অনুযায়ী, আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ বা ২০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে অভিযোগকারী ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আরও কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, "সিটি ফার্মেসিকে বড় অংকের জরিমানা করা হয়েছে। আমরা চাই ভোক্তারা সচেতন হয়ে আমাদের কাছে অভিযোগ করুন এবং একটি ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে উঠুক।"
জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
এ রহমান
মন্তব্য করুন: