হবিগঞ্জে মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা ছাত্রদল এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত নেতার নাম শাকিল মিয়া, যিনি স্থানীয় গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন।
চুনারুঘাট থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার উছমানপুর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘হবিগঞ্জ এগ্রো লিমিটেড’-এর একটি মুরগিবাহী গাড়ি আটকে শাকিল মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন যুবক হামলা চালায়। অভিযুক্তরা জোরপূর্বক গাড়ি থেকে ১৬০টি মুরগি নামিয়ে নেওয়ার পাশাপাশি চালক ও সহযোগীর কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। প্রতিষ্ঠানের সুপারভাইজার ঘটনাস্থলে পৌঁছালে তার মোটরসাইকেলের চাবিও কেড়ে নেওয়া হয়, যা পরবর্তীতে স্থানীয়দের মধ্যস্থতায় ফেরত দেওয়া হয়।
হবিগঞ্জ এগ্রো লিমিটেডের ম্যানেজার মাসুদ আহমেদ জানান, প্রতিষ্ঠানের ৩ নম্বর গেটের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন জানান, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় শাকিলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
এ রহমান
মন্তব্য করুন: