সুনামগঞ্জে ৪ শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফোটালেন এমপি নুরুল ইসলাম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জে চার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এ সময় তিনি আবেগঘন কণ্ঠে বলেন, "এই এলাকার মানুষ নির্বাচনে আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমি কোনোদিন ভুলব না। আমি কথা দিচ্ছি, যতদিন বেঁচে আছি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব। অবহেলিত এই সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাকে আমি উন্নয়নের 'রোল মডেল' হিসেবে গড়ে তুলব।"
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল মিয়া, সহ-সভাপতি মো. এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী নেতা মো. নূরে আলম, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, মোবারক হোসেন, শফিকুল ইসলাম, মো. আবু সুফিয়ান ও আমিনুল ইসলাম সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতারা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতি বছর তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঈদকে সামনে রেখে প্রয়োজনীয় খাদ্য ও উপহার সামগ্রী পেয়ে স্থানীয় অসহায় মানুষগুলো সন্তোষ প্রকাশ করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: