জগন্নাথপুরে মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর ও লুটপাট: যুবদল নেতা নিজাম কারাগারে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চাঁদা না পেয়ে এক বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত নিজাম উদ্দিন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মামলার বিবরণী থেকে জানা যায়, গত রোববার রাতে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের ছেলে আব্দুল গফ্ফার জগন্নাথপুর থানায় নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলা দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত রোববার যুবদল নেতা নিজাম উদ্দিনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের নামে বন্দোবস্তকৃত ভূমি দখলের চেষ্টা চালানো হয়। এর আগে পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলার পরিপ্রেক্ষিতে প্রধান অভিযুক্ত নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: