মাধবপুরে পিকআপ খাদে পড়ে নিহত ৪
ঢাকা–সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি পিকআপ খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) ভোররাতে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সড়কের পাশে একটি পিকআপ খাদে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকর্মীরা পিকআপের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে একজন নারী, দুজন পুরুষ ও একটি শিশু রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিকআপটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মনতোষ মল্লিক বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
রাজীব দেব রায়
মন্তব্য করুন: