শান্তিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ হামলায় শোভন দেব (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গত রোববার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন টিএনটি মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি শোভন দেবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর জখম হন। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি জলাশয়ে ঝাঁপ দেন। পরে সেখান থেকে উঠে পাগলা বাজারের নিকটবর্তী নিজের দোকানের সামনে এসে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আহত শোভন দেব অভিযোগ করে বলেন, পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মামুন মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তাঁর সহযোগী হিসেবে রুকন মিয়া, রিহানসহ আরও কয়েকজন এতে অংশ নেন বলে তিনি দাবি করেন।
তবে হামলার কারণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ ‘প্রথম সিলেট’ কে বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: