সরকারকে আষ্টেপৃষ্ঠে জবাবদিহিতার হুঁশিয়ারি
'ছায়া মন্ত্রিসভা' গঠনের ঘোষণা জামায়াত নেতা শিশির মনিরের
"আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের প্রতিটি বিভাগ ও মন্ত্রণালয়কে আলাদা করে বিভক্ত করা হচ্ছে। ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ পুরোদমে চলছে। সরকারকে কীভাবে আষ্টেপৃষ্ঠে জবাবদিহিতার সামনে দাঁড় করাতে হয়, সেই সব পলিসি আমরা উপযুক্তভাবে দেশবাসীর সামনে হাজির করব।"
সোমবার (২৩ মার্চ) বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সুনামগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এই সভায় তিনি স্পষ্ট করেন যে, সংসদে এবং সংসদের বাইরে একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাঁরা কার্যকর ভূমিকা পালন করতে চান, যাতে সরকার কোনোভাবেই দুর্নীতির সুযোগ না পায়।
হাওরাঞ্চলের বর্তমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিশির মনির বলেন, "অপরিকল্পিত পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) বাঁধের কারণে দিরাই-শাল্লার ১২টি হাওরের হাজার হাজার একর ধানি জমি আজ পানির নিচে। শুধু মাটি দিয়ে বাঁধ দিলে হাওর রক্ষা হবে না; এর জন্য সুনির্দিষ্ট পলিসি পরিবর্তন করে নদী, নালা ও খাল-বিল খনন করতে হবে।"
তিনি আরও যোগ করেন যে, সুনামগঞ্জের ৫টি আসনে দলীয় প্রার্থী বিজয়ী না হলেও সরকারি প্রতিটি তথ্যের স্বচ্ছতা জনগণের কাছে পৌঁছে দেওয়া তাঁদের দায়িত্ব, যাতে কেউ দুর্নীতির আশ্রয় নিতে না পারে।
পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মো. মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন ও মোমতাজুল হাসান আবেদ। সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাবসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
বক্তারা একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ রহমান
মন্তব্য করুন: