সুনামগঞ্জে জামায়াত নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার বসতঘর থেকে বিদেশি পিস্তল, রিভলভারসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি প্রাণঘাতী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত নেতার নাম পিয়ার আলী (আরশদ আলীর ছেলে), যিনি জামায়াতে ইসলামী শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঘটনার প্রেক্ষিতে বুধবার (২৫ মার্চ) জগন্নাথপুর থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
মামলা ও সেনা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পিয়ার আলীর বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে তাঁর ঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশি পাইপগান, ১৩ রাউন্ড তাজা গুলি, ১৪ বক্স এয়ারগানের গুলি এবং একটি খালি ম্যাগাজিনসহ বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত পিয়ার আলী আত্মগোপন করায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে মামলা রুজু করেছে। বর্তমানে অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন এবং তাঁকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।"
এ রহমান
মন্তব্য করুন: